কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:*চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। নিরাপদে রাস্তা পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এ.জে. চৌধুরী ডিগ্রি কলেজ, এ.জে. চৌধুরী উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার সকালে কলেজ বাজার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় সর্বস্তরের মানুষ অংশ নেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কলেজ বাজার অংশে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করে। দ্রুতগতির যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এখানে একটি ফুটওভার ব্রিজ এখন সময়ের দাবি।
মানববন্ধনে অংশ নিয়ে শিকলবাহাবাসীর আশার প্রদীপ হিসেবে পরিচিত বিশিষ্ট সমাজসেবক [নাম] বলেন, "কলেজ বাজারে ফুটওভার ব্রিজটি অত্যন্ত জরুরি। এটি ছাত্র-ছাত্রী এবং জনগণের অনেক দিনের দাবি। কর্তৃপক্ষের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।"
এ সময় অনেকে বলেন, ফুটওভার ব্রিজ হওয়ার পর কেউ ব্যবহার করবে না। তবে আন্দোলনকারীদের মতে, ব্রিজের ব্যবহার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তাদের দাবি, ফুটওভার ব্রিজ ব্যবহার করবে তখনই যখন আইল্যান্ডের মাঝখানে ৮ থেকে ১০ ফুট উচ্চতা পর্যন্ত লোহার গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হবে। তাহলে মানুষ এমনিতেই ফুটওভার ব্রিজ ব্যবহার করতে বাধ্য হবে।
শিক্ষার্থীরা জানান, প্রতিদিন ক্লাসে আসা-যাওয়ার সময় তাদের আতঙ্কে থাকতে হয়। একটি ফুটওভার ব্রিজ নির্মাণ হলে তাদের দুর্ভোগ লাঘব হবে।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..