লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর খাঁন হাট বাজারের পশ্চিম পার্শ্বে অবৈধভাবে গড়ে ওঠা করাতকলগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও চুনতি বনবিভাগ। এ সময় বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় এবং করাতকল লাইসেন্স বিধিমালার সুস্পষ্ট বিধান লঙ্ঘন করায় তিনটি করাতকলকে মোট ১৬ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন প্রজাতির অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ। এসময় তার সাথে উপস্থিত ছিলেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান, সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজিম উদ্দিন এবং লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিনসহ বনবিভাগ ও পুলিশের সদস্যরা।
জানা যায়, দীর্ঘদিন ধরে আধুনগর এলাকায় কতিপয় অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই করাতকল স্থাপন করে বনের কাঠ অবৈধভাবে চেরাই করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন এ অভিযান চালায়। অভিযানে হেলাল উদ্দিনের করাতকলে ৫ হাজার টাকা, রেজাউল করিমের করাতকলে ৮ হাজার টাকা এবং জামাল উদ্দিনের করাতকলে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, "চুনতি বনবিভাগকে সাথে নিয়ে আধুনগর খাঁন হাট বাজারের পশ্চিম পাশে থাকা করাতকলগুলোতে আমরা অভিযান পরিচালনা করেছি। তিনটি করাতকল বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং করাতকল লাইসেন্স বিধিমালা লঙ্ঘন করায় সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। পরিবেশ ও বনজ সম্পদ রক্ষায় অবৈধ করাতকলের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"
স্থানীয় সচেতন মহলের দাবি, শুধু জরিমানা নয়, অবৈধভাবে বনের কাঠ পাচার বন্ধে এসব করাতকলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..