Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 15, 2026

সংবাদ শিরোনাম : তেরখাদা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ভুট্টো'র ১৫ দফা অঙ্গীকার নিয়ে জনসংযোগ

তেরখাদা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ভুট্টো'র ১৫ দফা অঙ্গীকার নিয়ে জনসংযোগ
মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে, 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন প্রার্থীরা লিফলেট বিতরণ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় খুলনা জেলার তেরখাদা উপজেলার ৫ নং তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে তেরখাদা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, ঐতিহ্যবাহী কাটেঙ্গা বাজার কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা ভুট্টো ভোটারদের কাছে বিভিন্ন উন্নয়ন মূলক প্রতিশ্রুতি ও অঙ্গীকার তুলে ধরে জনসংযোগ ও লিফলেট বিতরণ করেন। 

 গতকাল বুধবার বিকেলে তেরখাদা ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ নারী পুরুষ মিলে হাজারো লোকজনের সমাগম ঘটে। এসময় কাটেঙ্গা বাজারের বিভিন্ন রাস্তায় শোডাউন করেন এবং তার ১৫ দফা প্রচারপত্র লিফলেট বিতরণ করেন। প্রচারপত্রে তিনি মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

গোলাম মোস্তফা ভুট্টোর ঘোষিত অঙ্গীকারগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ থেকে জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ ও ওয়ারিশনামা সনদ দ্রুত ও হয়রানি মুক্ত ভাবে প্রদান,বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সহায়তা বা বৃত্তির ব্যবস্থা, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার পরিবেশ উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

এ ছাড়া স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিকগুলোর কার্যক্রম গতিশীল করা, ইভটিজিং, মাদক, জুয়া ও বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং দরিদ্র পরিবারের কন্যা দায়গ্রস্ত বা বিয়ের ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। 

চলাচলের সুবিধার্থে গ্রামীণ এলাকায় পর্যাপ্ত সোলার স্ট্রিট লাইট স্থাপন,কাঁচা রাস্তা পাকাকরণ, ভাঙা রাস্তা ও সেতু সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও জলাবদ্ধতা দূরীকরণ, দুর্যোগ বা বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সরকারি ত্রাণ সঠিক ভাবে বিতরণের কথাও অঙ্গীকারে উল্লেখ করা হয়েছে। 

পাশাপাশি মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তরুণদের উৎসাহিত করা, কর প্রদানের সুবিধা সহজ করতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করা এবং যুবসমাজ ও সচেতন নাগরিকদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা ও পরিবেশদূষণ রোধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টো। 

প্রচারপত্রে তিনি এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে তেরখাদা ইউনিয়নকে একটি উন্নত, সুন্দর, মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। এসময় সাংবাদিকদের সঙ্গে স্বাক্ষাৎকালে একাধিক নারী পুরুষ জানান,মাননীয় এমপি আজিজুল বারী হেলাল ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেনো তেরখাদা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সৎ,যোগ্য এবং সদালাপী ভূট্রো ভাইকে মনোনয়ন দেন। তাকে মনোনয়ন দিলে অনেক ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF