মাহির আহমেদ হৃদয়, স্টাফ রিপোর্টার, ঢাকা
সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে রাজধানীর মানিকনগরে দিনব্যাপী বিনামূল্যে রক্ত পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ’-এর উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজন করা হয়।
শুক্রবার মানিকনগর মডেল স্কুলের সামনে আয়োজিত এ ক্যাম্পে এলাকার কয়েকশ মানুষ বিনামূল্যে প্রয়োজনীয় রক্ত পরীক্ষা করানোর সুযোগ পান। স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমের পাশাপাশি সেবাগ্রহীতাদের প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়া হয়।
ক্যাম্পে উপস্থিত ছিলেন হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা পরিচালক মো. কামরুল হাসান মেহেদি, সাধারণ সম্পাদক আরিফা ইসলাম অজান্তাসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকেরা।
আয়োজকেরা জানান, বর্তমানে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার ব্যয় অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষ যাতে প্রয়োজনীয় প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের বিনামূল্যের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তারা আরও জানান, সাধারণ মানুষের কল্যাণে ভবিষ্যতেও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতামূলক কর্মসূচিসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে বিনামূল্যে সুশৃঙ্খলভাবে স্বাস্থ্যসেবা ও রক্ত পরীক্ষা করার সুযোগ পেয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ অসচ্ছল মানুষের জন্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।