মহিদুল ইসলাম (শাহীন) খুলনা থেকে,
খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে কেসিসি’র ধারাবাহিক কার্যক্রম অব্যাহত আছে। একই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক তিন মাসের বিশেষ কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে। তারপরও ডেঙ্গু সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান,ব্যবসা প্রতিষ্ঠান,অফিস এবং বাড়ির মালিকদের নিজ নিজ আঙিনা নিজ দায়িত্বে পরিচ্ছন্ন রাখা এবং অব্যবহৃত জায়গায় প্রয়োজন মতো বৃক্ষরোপণের আহবান জানান।
কেসিসি প্রশাসক বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচির আওতায় স্কুল কর্তৃপক্ষ এ কর্মসূচির আয়োজন করে। স্কুলের পরিচ্ছন্ন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করে প্রশাসক আরো বলেন, মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে নতুন ভবন তৈরী এবং জরাজীর্ণ ভবন অপসারণে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে।
তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের যে কোন সমস্যা যথাসময়ে অবহিত করা এবং এ মহানগরীর শিক্ষার পরিবেশ উন্নত করার স্বার্থে সকলে ঐক্যবদ্ধ থেকে কাজ করার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। স্কুল পরিচালনা কমিটির সভাপতি শেখ শাহীরাজ বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ সেবক নজরুল ইসলাম বাবু, মো: হাফিজুর রহমান মনি, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, মেহেদী হাসান সোহাগ,
সরদার রবিউল ইসলাম রবি, নাহিদ মোড়ল, মোস্তফা জামান মিন্টু, ইমরান হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: হাতেম শেখ। স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৭নং ওয়ার্ডের কাশিপুর যমুনা রোড সংলগ্ন এলাকায় কেসিসি কর্তৃক চলমান ক্রাশ প্রোগ্রাম পরিদর্শন করেন।
পরিদর্শন কালে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় কালে প্রশাসক বলেন, নগরবাসী একটি বিপদের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। উদ্ভুত বিপদ থেকে পরিত্রাণ পেতে কেসিসি একটি চ্যালেঞ্জ মোকাবেলা করছে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনাসহ লার্ভা ও মশক নিধনে জনবল বৃদ্ধি করে স্প্রে ও ফগার করা হচ্ছে। ইতোমধ্যে আটটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে জ¦রে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার খালিশপুর লাল হাসপাতালে আরো একটি ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হচ্ছে।
কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল এখনো পাওয়া যায়নি। নগরবাসীকে সাথে নিয়েই এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন, মো: মোস্তাফিজুর রহমান মিঠু, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, লিটন খান, কাজী শফিকুল ইসলাম শফি, আব্দুল লতিফ, জাকির হোসেন, শামসুর রহমান, মাহবুব আলম বাদশা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।