Logo
প্রিন্টের তারিখ: 15 October 2026 | প্রকাশের তারিখ: Oct 15, 2026

সংবাদ শিরোনাম : বিদ্যালয় মাঠে তরুণদের খেলাধুলা বন্ধের সিদ্ধান্ত, স্থানীয়দের প্রতিবাদ

বিদ্যালয় মাঠে তরুণদের খেলাধুলা বন্ধের সিদ্ধান্ত, স্থানীয়দের প্রতিবাদ
লোহাগাড়ার চুনতি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার তরুণদের খেলাধুলা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিদ্যালয় কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে নিরাপত্তার কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী ছাড়া বহিরাগতদের বিদ্যালয় মাঠে খেলাধুলা ও অবাধ বিচরণ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানায়।

স্থানীয়দের দাবি, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই স্কুল ছুটির পর চুনতি ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ছেলেরা এই মাঠে খেলাধুলা করে আসছেন। প্রায় ৫ একর আয়তনের এই মাঠটি দীর্ঘদিন ধরে এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার অন্যতম প্রধান জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। স্থানীয়রা বলেন, হঠাৎ করে এলাকার ছেলেদের মাঠে খেলতে না দেওয়ার সিদ্ধান্ত তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন। তাদের মতে, শিক্ষার্থীদের পাশাপাশি এলাকার তরুণদের খেলাধুলার সুযোগও থাকা প্রয়োজন। বড় একটি মাঠ থাকা সত্ত্বেও সেটি স্কুল ছুটির পর স্থানীয়দের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সংকুচিত হবে।

তারা আরও বলেন, লোহাগাড়ার বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বর্তমান সরকার খেলাধুলা ও খেলার মাঠের গুরুত্বের ওপর জোর দিচ্ছেন। এমন সময়ে একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ স্থানীয় তরুণদের খেলাধুলার জন্য বন্ধের সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

স্থানীয়দের দাবি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজন থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিয়ম-কানুন নির্ধারণ করতে পারে। তবে স্কুল ছুটির পর এলাকার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ বন্ধ না করে দ্রুত মাঠটি তাদের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করতে হবে। এলাকাবাসী দ্রুত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে স্কুল ছুটির পর চুনতির তরুণদের খেলাধুলার জন্য মাঠটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক সময় সংবাদ
সকল কারিগরি সহায়তায়ঃ বিডি আই’টি সাপোর্ট
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF