কলাউজানে রাতের আঁধারে চলছে পাহাড় কাটার উৎসব। উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হরিণার বিল এলাকার 'কাটা পাহাড়' নামে পরিচিত পাহাড়টি গত ২-৩ দিন ধরে নির্বিচারে কেটে মাটি নিয়ে যাচ্ছে পাহাড়খেকো চক্র।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বেলাল নিজেকে ওই পাহাড়ের মালিক দাবি করে বলেন, এটি খাস খতিয়ানের জায়গা। মাসখানেক আগে সংস্কারের জন্য তিনি কিছু মাটি কেটেছিলেন বলে স্বীকার করেন। তবে ইদানিং রাতের বেলা কে বা কারা মাটি কেটে নিয়ে যাচ্ছে তা তার জানা নেই। মামুন নামে কাউকে তিনি চেনেন না বলেও দাবি করেন।
অন্যদিকে মামুনের ভাষ্য, বেলাল নামে এক ব্যক্তি গত পরশু রাতে তার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়েছেন। তিনি মাটি বিক্রির সাথে জড়িত নন।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, পাহাড় কাটা সম্পূর্ণ অবৈধ। ঘটনাটি খতিয়ে দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।