নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:
কক্সবাজারের সামাজিক ও সেবামূলক সংগঠন ‘যুব ব্লাড বক্স অফ বাংলাদেশ’ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে আনুষ্ঠানিক সরকারি নিবন্ধন লাভ করেছে।
গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় সংগঠনটিকে নিবন্ধন সনদ হস্তান্তর করে। যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) আইন, ২০১৫ এর ধারা ৪ এবং যুব সংগঠন (নিবন্ধন ও পরিচালনা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩(৪) এর আওতায় এ নিবন্ধন প্রদান করা হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর: যুউঅ/কক্স-২৩৪।
জানা যায়, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী বাংলাবাজার এলাকা ভিত্তিক সংগঠনটি দীর্ঘদিন ধরে বিনামূল্যে রক্তদান, মুমূর্ষু রোগীদের রক্তের ব্যবস্থা, মানবিক সহায়তা ও যুব কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।
সরকারি নিবন্ধন প্রাপ্তিতে অনুভূতি প্রকাশ করে সংগঠনের সভাপতি আব্দুল হামিদ বলেন, “সরকারি নিবন্ধন পাওয়ায় আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল। মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। এই স্বীকৃতি আমাদের কাজকে আরও গতিশীল করবে।”
সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন বলেন, “এই অর্জন আমাদের সকল সদস্য, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষীদের অক্লান্ত পরিশ্রমের ফসল। ভবিষ্যতে আরও বড় পরিসরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে চাই।”
যুব উন্নয়ন অধিদপ্তর, কক্সবাজার সূত্রে জানা গেছে, যুব সংগঠনগুলোকে নিয়মতান্ত্রিকভাবে সমাজসেবায় সম্পৃক্ত করতেই এই নিবন্ধন প্রদান করা হয়। ‘যুব ব্লাড বক্স অফ বাংলাদেশ’ তাদের মানবিক কার্যক্রম অব্যাহত রেখে যুব সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করবে বলে আশা প্রকাশ করেছে অধিদপ্তর।
এদিকে সরকারি নিবন্ধন লাভের খবরে সংগঠনের সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের মাঝে আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।